চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মাসুদুর রহমান(৫০) নিহত হয়েছেন। নিহত এএসআই নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে। তিনি চট্টগ্রাম ৯ম এপিবিএনে কর্মরত ছিলেন।
বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা দুপুর পৌনে ২টার দিকে মাসুদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ২ নম্বর গেইট এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এএসআই মো.মাসুদুর রহমান গুরুতর আহত হয়। এ অবস্থায় উদ্ধার করে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।