রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের ৩ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। শুক্রবার (১৩ আগস্ট) ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ির বঙ্গলতলী নামক এলাকা থেকে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২) নামে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে নিরাপত্তাবাহিনীর একটি অপারেশন দল। ওমর চাকমা (৩৪) এবং রকেট চাকমা (২২) দীর্ঘদিন যাবৎ করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল এবং তারা ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র শাখার সক্রিয় সদস্য। ওমর চাকমা ও রকেট চাকমাকে গ্রেপ্তার করার পর তল্লাশি পূর্বক তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ শেষে উক্ত দুই সন্ত্রাসীকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার রাত ২ টার দিকে নানিয়ারচর জোন সুদক্ষ দশ এর একটি অপারেশন দল গোপন তথ্যর ভিত্তিতে কুতুকছড়ির হাজাছড়ি এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসী রূপায়ণ তালুকদার (চাকমা) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি (থ্রী নট থ্রী) রাইফেল, ০৫ রাউন্ড বল এ্যামুনেশন, ০৩টি মোবাইল ফোন, ০২টি চাঁদা আদায়ের রশিদ ও ২টি আইডি কার্ড জব্দ করা হয়। আটক রূপায়ণ তালুকদার (চাকমা) দীর্ঘদিন ধরে নানিয়ারচর উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিাল। এদিকে, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে অস্ত্র ও সরঞ্জামাদিসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।