মহানবীর কার্টুন আঁকা সেই কার্টুনিস্টের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু

মহানবীর কার্টুন আঁকা কার্টুনিস্ট লার্স ভিল্কস সুইডেনের মার্কারিড শহরের কাছে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তার গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশসহ তার মৃত্যু হয়। আহত হয়েছেন ট্রাকচালক।

৭৫ বছর বয়সী কার্টুনিস্ট ভিল্কস প্রাণনাশের হুমকির কারণে পুলিশি পাহারায় চলাচল করতেন। এর আগে, ২০০৭ সালে কুকুরের দেহের ওপর মহানবীর মাথাসহ প্রকাশিত ওই কার্টুনটি মুসলমানদের ক্ষুব্ধ করেছিল। ডেনমার্কের একটি পত্রিকায় ওই কার্টুন ছাপা হয়েছিল।

রোববার (৩ অক্টোবর) ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিল্কসের পার্টনার তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। কেউ জড়িত আছে কি না তাও বলা যাচ্ছে না।

এই কার্টুনের জন্য দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ফ্রেডরিক রেইনফেল্টকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসতে হয়েছিল। এরপর ইরাকের আল কায়েদা সেই কার্টুনিস্টকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। প্রসঙ্গত, ২০১৫ সালে একটি অনুষ্ঠানে বন্দুক হামলার স্বীকার হয়েছিলেন ভিল্কস।

মন্তব্য করুন

Your email address will not be published.