চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে কাঁচামাল কিনতে যাচ্ছিলেন সবুজ নামের এক ব্যবসায়ী। পথে ছিনতাইকারীর কবলে পড়ে সবর্স্ব হারান তিনি। কোতোয়ালী থানায় অভিযোগ করলে অভিযান চালিয়ে রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. সালমান (২৮), মো. রাশেদুল ইসলাম (২৬), মো. ছলিম উদ্দিন (৪০)।
জানা গেছে, সোমবার ভোররাত ৪টার দিকে রিয়াজউদ্দিন বাজারে কাঁচামাল কিনতে এসে কাপড়ের গলির ছিরিকোট বিল্ডিংয়ের সামনে সর্বস্ব ছিনতাইয়ের শিকার হন ব্যবসায়ী সবুজ। এসময় তার কাছ থেকে নগদ ৮ হাজার ৯২০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী কোতোয়ালী থানায় এসে অভিযোগ দায়ের করেন।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া সিভয়েসকে বলেন, ভিকটিম থানায় এসে অভিযোগ দায়েরের পর আমরা রাতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করি। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা, টিপ ছোরা, নগদ ৫ হাজার টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী ও সদরঘাট থানায় একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।