পটিয়ার সোহেল হত্যার প্রধান আসামী কায়েস গ্রেফতার

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ার আলোচিত মোহাম্মদ সোহেল (৩৬) হত্যার প্রধান আসামী মোহাম্মদ কায়েস (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাতে নগরীর বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম তাকে গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো: আশরাফুজ্জামান। গ্রেফতার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানার একটি

হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ২০২২ সালের ২২ এপ্রিল খুন করা হয়। এ ঘটনায় তার বড় ভাই চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মো: কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর মোহাম্মদ কায়েস গ্রেফতার হলেও পরবর্তীতে সে জামিনে বের হয়।

মামলার বাদী আবুল কাসেম জানান,আমার ছোট ভাইকে কায়েসের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করি। ওই মামলায় তার বিরুদ্ধে ওযারেন্ট ছিল। তাছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। সে বিভিন্ন নিরহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টের আসামীকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেফতার করেছেন। যেহেতু মামলা পটিয়া থানায় সে কারণে আসামীকে পটিয়া থানায় প্রেরন প্রক্রিয়াধীন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.