৪ জনের পেট থেকে ২১ হাজার ইয়াবা উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিনব কায়দায় পেটের ভেতর লুকিয়ে রাখা ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় মাদক পাচারকারী চক্রের মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫) ও জাফর মিয়া (৪০)।

সোমবার (৪ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)-এর স্কোয়াড লিডার মো. মেহেদী আলম।

র‍্যাব জানায়, গোপন সংবাদ ছিল যে মাদক ব্যবসায়ীদের একটি দল কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত আটটার দিকে সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী বাজার সংলগ্ন মহাসড়কে একটি হানিফ পরিবহনের বাসে অভিযান চালায় র‍্যাব।

অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তাদের পেটের ভেতরে ইয়াবা রয়েছে। এরপর তাদের দ্রুত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে এক্স-রে রিপোর্টে তাদের পেটে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় তাদের মলদ্বার দিয়ে পোটলা আকারে বের করে আনা হয় আনুমানিক ২১ হাজার পিস ইয়াবা।

আটক ব্যক্তিরা র‍্যাবকে জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তারা দীর্ঘদিন ধরে এই অভিনব পন্থায় মাদক পাচার করে আসছিলেন। তারা মূলত ভাড়ায় এই মাদক বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য করুন

Your email address will not be published.