চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যান ও আনসার সদস্য শাহ মনিরকে মাদকসহ আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৯ মে) বিকেলে কচুয়া পৌরসভার কড়ইয়া মাছের আড়ৎ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহ মনির লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতী নগর ইউনিয়নের হিলা বাইচা গ্রামের মোল্লাবাড়ির শাহ আলম ও নয়ন বেগম দম্পতির ছেলে। তিনি কচুয়ায় প্রেষণে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইউএনও কার্যালয়ে নিজের ডিউটি শেষ করে কড়ইয়া মাছের আড়ৎ এলাকায় যান শাহ মনির। সেখানে তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কচুয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদকসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সরকারি কর্মকর্তার গানম্যান ও একজন শৃঙ্খলা বাহিনীর সদস্যের এমন কর্মকাণ্ডে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, আটক আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।