আনোয়ারায় প্রেমিকার বিয়ের আসরে প্রেমিকের বিষপান

আনোয়ারায় দীর্ঘ ৪ বছরের বেশী সময় ধরে প্রেমের সম্পর্ক করে, প্রেমিককে না জানিয়ে গোপনে বিয়ের পিড়িঁতে বসার খবর পেয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মো. সাহাবউদ্দিন (২৫) নামের এক তরুণ।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে হাশেম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মুমূর্ষ অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, সাহাব উদ্দিন রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের পুত্র।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত প্রেমিক শাহাব উদ্দীন চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। আহত সাহাব উদ্দিন ও তার পরিবার সূত্রে জানা যায়, বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামের জনৈক রোকসানা আকতার (২০) নামের এক মেয়ের সাথে সাহাব উদ্দিনের আনোয়ারা সরকারী কলেজে অধ্যায়নকালে পরিচয় হয়।

পরে তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলতে থাকে। গত সপ্তাহে হঠাৎ করে রোকসানার পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। বিষয়টি সাহাব উদ্দিন জানার পর দুই পরিবারকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

এরই মধ্য রোকসানার পরিবার নিজ বাড়িতে বিয়ের আয়োজন করে রোকসানার। খবর পেয়ে প্রেমিক সাহাব উদ্দিন বিয়ের আসরে উপস্থিত হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সাহাব উদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন জানান, আমার ভাইয়ের সাথে সৈয়দকুচাইয়া গ্রামের হাশেম মেম্বারের বাড়ির রোকসানা নামের মেয়ের সাথে প্রেমের সম্পর্কের কথা জানার পর আমার ভাইয়ের ইচ্ছে পূরণে মেয়ের ভাইকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্ত তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে।

শুক্রবার দুপুর ৩ টার দিকে আমরা জানতে পারলাম বিয়ের আসরে আমার ভাই বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে। তার আগে তারা আমার ভাইকে মারধরও করে বলে জানতে পারি। বর্তমানে আমার ভাই চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাহাব উদ্দিন নামের ওই তরুণকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানতে পারি প্রেমঘটিত ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.