সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে আসা হাতির পাল থেকে দলছুট হয়ে পড়া এক মাস বয়সী একটি শাবক উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের জয়নগর বাগানপাড়া এলাকা থেকে শাবকটিকে উদ্ধার করা হয়।
একই দিন বিকেলে শাবকটিকে কক্সবাজার জেলার ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে শাবকটির চিকিৎসা চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কলাগাছ খেতে হাতির পালটি বনাঞ্চল থেকে লোকালয়ে আসে। মধ্যরাতের দিকে পালটি আবার বনে ফিরে যায়। বুধবার সকালে কৃষকেরা জমিতে গিয়ে শাবকটিকে দেখতে পান। অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল হওয়ায় সেটি ঠিকমতো হাঁটতেও পারছিল না। পরে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন।
ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে পড়ায় শাবকটি মায়ের দুধ পান করতে পারেনি। বয়স কম হওয়ায় অন্য খাবারও ঠিকমতো খেতে না পেরে দুর্বল হয়ে পড়ে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাবকটিকে উদ্ধার করা হয়। শাবকটির কানের পাশে ক্ষত রয়েছে। অসুস্থ হয়ে পড়ায় হাতির পালটি সেটিকে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, শাবকটির শরীরে কিছু ক্ষত রয়েছে। চিকিৎসা দেওয়ার পর ধীরে ধীরে সেটি খাবার গ্রহণ শুরু করেছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।