এনপিবি ডেস্ক
রাজধানীর পল্টন থানার একটি মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা মামলায় নিয়মিত জামিন দেওয়া হবে কি না—সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (০৯ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রমজান আলী শিকদার। তিনি জানান, হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধ–সংক্রান্ত অভিযোগে জুলাই আন্দোলনের পরবর্তী সময়সহ বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে কয়েকটিতে এরই মধ্যে হাইকোর্ট থেকে জামিনসংক্রান্ত রুল জারি হয়েছে এবং কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী জামিনও দেওয়া হয়েছে।
আরও পড়ুন
আইনজীবীর মৃত্যু / পেছাল জিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ
উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টানা তিন মেয়াদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দীপু মনি। তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।