১২ মামলার আসামী ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

 

মাইনউদ্দীন হাসান চৌধুরী 

চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যা, ডাকাতি, দস্যুতা ও অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত ডাকাত মোহাম্মদ সালাউদ্দিন (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

​সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী আশ্রায়ণ প্রকল্প এলাকায় চুনতি পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত সালাউদ্দিন বান্দরবান জেলার লামা উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পাড়া ইয়াংছা বাজার এলাকার মোহাম্মদ ফজলু (প্রকাশ রেনু মিয়া)-র ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হুদা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিমউদদীন সঙ্গীয় ফোর্স নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলপাগলী আশ্রায়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা ও অবৈধ অস্ত্রসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

​এ বিষয়ে জানতে চাইলে চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হুদা বলেন, “গ্রেফতারকৃত সালাউদ্দিন এলাকার চিহ্নিত কুখ্যাত ডাকাত ও একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে চুনতি পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল ভোররাতে আধুনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বান্দরবানের লামা থানায় হস্তান্তর করা হয়েছে।”

মন্তব্য করুন

Your email address will not be published.