আনোয়ারায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

 

ডেস্ক রিপোর্ট 

 

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

নিহত মো. হোসাইন উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পরুয়াপাড়া এলাকার রমজান আলী হাজীর বাড়ির আব্দুর রহিমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন। ছেলেকে খেলতে দেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকায় প্রচার-প্রচারণাও চালানো হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

ছেলেকে খুঁজে না পেয়ে রাত ৯টার দিকে আনোয়ারা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন বাবা আব্দুর রহিম। আজ সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে পানি আনতে গিয়ে কয়েকজন নারী পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত শিশুর চাচা মো. জাবেদ বলেন, আমার ভাতিজা গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। পরে তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। ভেবেছিলাম, হয়তো খুঁজে পাওয়া যাবে। কিন্তু সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করতে হলো। এভাবে ওকে হারাতে হবে, কখনো ভাবিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, শিশুটি সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.