অনলাইন ডেস্ক
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পাঁচ পর্যটক নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। এতে আরও ৪ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
নিহতরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।
এদিকে, ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়েছেন।