রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা, জরিমানা পাঁচ লাখ

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে নেমেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় দিনব্যাপী এক সমন্বিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় স্পটেই নেওয়া হয় কঠোর ব্যবস্থা।
অভিযান চলাকালে ‘মেসার্স খাজা আজমির ব্রিকস ম্যানুফ্যাকচারিং’ (KMR) নামের একটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। একই সাথে, পরিবেশগত ছাড়পত্র ও আইনি শর্ত ভঙ্গের দায়ে পার্শ্ববর্তী ‘মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং’ (KBM)-কে ৫ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও কর্মকর্তা কাজী ইফতেকার উদ্দিন।

আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল এসআরবি-০৭ চট্টগ্রাম, আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি চৌকস দল। এছাড়াও, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ সার্বিক সহায়তা প্রদান করে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান স্পষ্ট জানিয়েছেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.