লোহাগাড়ায় কেয়ারটেকারদের হাতেই শিক্ষক অপহরণ, গ্রেপ্তার ২

 

মাইনুদদীন খোকা, লোহাগাড়া 

চট্টগ্রামের লোহাগাড়ায় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এক স্কুলশিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে।

অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিরা ওই শিক্ষকের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পুলিশের বিশেষ অভিযানে অপহৃত ওই শিক্ষককে উদ্ধার করা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) লোহাগাড়া থানা কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এসব তথ্য জানান।

অপহৃত শিক্ষকের নাম স্বরুপ কান্তি দাশ (৫০)।

তিনি পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সীপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৩) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদারপাড়ার মৃত শাহ জাহানের ছেলে নেজাম উদ্দিন (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, তাঁরা স্বরুপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে তাঁরা শিক্ষককে অপহরণের ঘটনা ঘটান বলে পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন স্বরুপ কান্তি দাশ।

পরে সকাল ৯টা ৫ মিনিটের দিকে পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অপহরণকারীরা শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে (৪৪) ফোন করে অপহরণের বিষয়টি জানায়।

এ সময় স্বামীকে জীবিত ফেরত পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

পরবর্তী সময়ে একাধিকবার ফোন করে অপহরণকারীরা স্বরুপ কান্তি দাশকে মারধর করে তাঁর কান্নার শব্দ স্ত্রীকে শোনায়।

এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ১০ লাখ টাকা দাবি করে স্ত্রীকে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলা হয়।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ অপহৃত শিক্ষককে উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে সাতকানিয়া থানাধীন কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্বরুপ কান্তি দাশকে উদ্ধার ও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার উদ্ধার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.