ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নামাজ শেষে একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা, আইতাছে শেখ হাসিনা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন। পরে মিছিলটি লালদীঘির পাড় হয়ে চলে যায়।
কিছুক্ষণ পর পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তাঁরা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।