বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে ৫ শতাধিক সুপারি চারা কেটে বিনস্ট করেছে কতিপয় দুর্বৃত্তের দল। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার একটি সৃজিত বাগানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার (১৮ আগস্ট) বাঁশখালী থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৬নং ওয়ার্ডের মৃত এজাহার মিয়ার চৌধুরীর পুত্র বদরুল আলম চৌধুরী আলিফের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জায়গার সৃজিত বাগানের প্রায় ৫ শতাধিক সুপারি চারা গত মঙ্গলবার রাতে কেটে সাবাড় করে কতিপয় দুর্বৃত্তরা। এর পূর্বে গত ১৪ আগস্ট ওই বাগানে একইভাবে অর্ধ শতাধিক সুপারি চারা কেটে ফেলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে বদরুল আলম চৌধুরী আলিফ। এ অভিযোগ দায়েরের পরদিন পুনরায় ওই ৫ শতাধিক সুপারি চারা কর্তন করে দুর্বৃত্তের দল।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ বাগান মালিক বদরুল আলম চৌধুরী আলিফ বলেন, ‘স্থানীয়ভাবে আমার সাথে কারো শত্রুতা নেই। তারপরেও কি কারণে কে বা কারা আমার বাগানের এ ছোট ছোট চারা গাছ গুলো কর্তন করলো তা আমার বোধগম্য নয়। আমি এ ঘটনার সুষ্ঠ প্রতিকার দাবি করছি প্রশাসনের প্রতি।’
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘পুঁইছড়িতে গাছ কেটে ফেলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’