চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টিকার খালি ভায়াল নিয়ে পালানোর সময় কমল দাশ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। কমল চবির মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
রবিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসেন বলেন, ‘সকালে টিকা নিতে এসেছিল ওই শিক্ষার্থী। করোনার টিকা দেওয়ার পর কাউকে কিছু না বলে সে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিল। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পেছন থেকে বেশ কয়েকবার ডাকাডাকি করলে সে তাতে ভ্রুক্ষেপ করেনি। পরে পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে ওই শিক্ষার্থী জানায়- সে গবেষণা করার জন্য খালি ভায়ালটি নিয়ে যাচ্ছিল। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘এক শিক্ষার্থী টিকা নিতে গিয়ে কাউকে না বলে একটি ভায়াল নিয়ে আসতে চেয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। সে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে’।