ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামে অস্থায়ীভাবে মনোনীত সার ডিলারদের ১০ কর্মদিবসের মধ্যে ৩ লক্ষ টাকা নিরাপত্তা জামানত জমা দিয়ে চুক্তি সম্পাদনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৩ নভেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, জামানত জমা ও ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করতে ব্যর্থ হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অস্থায়ী ডিলারদের ৩ মাস কার্যক্রম পর্যবেক্ষণ শেষে স্থায়ী নিয়োগ দেওয়া হবে।
আদেশের বিশেষ নির্দেশনায় উল্লেখ করা হয়, লোহাগাড়ার ৯টি ইউনিয়ন ও হাটহাজারীর ফতেপুর ইউনিয়নে মনোনীত ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় তাদের বিষয়ে তদন্ত শেষে চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হবে।