চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চোর সন্দেহে একজনকে ঝাপটে ধরার পর তার ছুরিকাঘাতে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতে ওই গাড়িচালকের ছেলে এবং ভাতিজাও আহত হয়েছেন।
রোববার (০৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত সুলতান আহমেদ (৫৫) কনফিডেন্স সিমেন্ট কারখানার গাড়িচালক বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘সুলতান ভাটিয়ারি এলাকায় বাসা থেকে বেরিয়ে স্থানীয় কোরবান আলী শাহ এবাদতখানার মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তাকে দেখে এক যুবক দৌড় দেয়। এসময় সুলতানও চোর চোর বলে চিৎকার করে তাকে ধাওয়া দেন এবং একপর্যায়ে ধরে ফেলেন।চিৎকার শুনে সুলতানের ছেলে ও ভাতিজাও গিয়ে ওই যুবককে ঝাপটে ধরেন। এসময় যুবক সুলতানের গলায় এবং ছেলে ও ভাতিজার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
আহত সুলতানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সুমন। তিনি জানিয়েছেন, সুলতানের ছেলে ও ভাতিজা চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।