চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় তার বিরুদ্ধে পাহাড় দখল, অবৈধ চুক্তির মাধ্যমে সরকারি জায়গা চিরতরে দখল হস্তান্তর, সরকারি স্কুলের জায়গা দখল, মসজিদের জায়গায় দোকান বরাদ্দ দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়াসহ মোট এক কোটি ৪৭ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
পৃথক চার মামলায় আরও আসামি করা হয়- জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী, লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি কাজী মাহমুদ ইমাম ভিলু ও সাধারণ সম্পাদক এ এন ফারুক আহমেদকে।
মঙ্গলবার (৯ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক লুৎফর কবির চন্দন।
তিনি বলেন, ‘চসিকের লালখান বাজার ওয়ার্ড এলাকায় নানা অনিয়ম করে টাকা আত্মসাতের অভিযোগে সাবেক কাউন্সিলর ফজল কবিরের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। এরমধ্যে দুটি মামলায় শুধু তিনিই আসামি। বাকি দুটির মধ্যে একটিতে আসামি করা হয়েছে জাগো ফাউন্ডেশন প্রকল্প পরিচালককে এবং আরেকটিতে লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে।’
দুদক সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক আবু সাঈদ বাদী হয়ে চারটি মামলা দায়ের করেন। এরমধ্যে প্রথম মামলায় লালখান বাজার ওয়ার্ড এলাকায় সরকারি পাহাড় দখল করে বাড়ি নির্মাণ এবং পুকুর খনন করে বিক্রি করে ৪৫ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফজল কবিরকে একমাত্র আসামি করা হয়।
দ্বিতীয় মামলায় সরকারি জায়গা অবৈধ চুক্তির মাধ্যমে চিরতরে দখল হস্তান্তর করে ২৮ লাখ ১১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী এবং কাউন্সিলর ফজল কবিরকে আসামি করা হয়।
তৃতীয় মামলায় লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ এবং ভাড়ার টাকা স্কুল ফান্ডে জমা না দিয়ে ২৯ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফজল কবিরকে একমাত্র আসামি করা হয়।
চতুর্থ মামলায় লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফজল কবির, মসজিদের সাবেক সভাপতি কাজী মাহমুদ ইমাম ভিলু ও সাধারণ সম্পাদক এ এন ফারুক আহমেদকে আসামি করা হয়।