ব্যতিক্রমী উদ্যোগ: অফিস ছেড়ে খোলা মাঠে লোহাগাড়ার এসিল্যান্ড

খোলা মাঠে লোহাগাড়ার এসিল্যান্ডের ভ্রাম্যমান ভূমি অফিস

জনগণের ভােগান্তি লাঘবে ভূমি অফিসের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করেছেন লোহাগাড়ার এসিল্যান্ড মাসুদ রানা।

ভূমি সেবাপ্রার্থীরা দালালের খপ্পরে না পড়ার জন্যই ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা মানুষদের তাৎক্ষনিক ই-নামজারি আবেদন, নামজারি, শুনানি, অনুুমোদিত নামজারি (ডিসিআর) ও খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধান বা পরামর্শ দিচ্ছেন তিনি।

সেবাপ্রার্থীরা ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করেন বলেন, ‘এটি একটি সময়োপযোগী ভালো উদ্যোগ। এখন জনগণ ভূমিসেবা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সেবা পেতেও সহজ হবে। আর দালাল ধরতে হবে না।’

জানতে চাইলে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা মহানগর নিউজকে জানান, জায়গা সংক্রান্ত জটিলতায় মানুষ যাতে সরাসরি তাদের এসিল্যান্ডকে সমস্যার কথা বলতে পারে এই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই এমন উদ্যোগ।

তিনি আরও বলেন, ‘মূলত ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসন ও দালাল মুক্ত করতেই এ ভ্রাম্যমান ভূমি সেবা।’

মন্তব্য করুন

Your email address will not be published.