চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সহস্রাধিক আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। একইসময়ের মধ্যে এক জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (২১ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৭ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৮০৭ জন নগরীর এবং ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মহানগরের বাইরে করোনায় আক্রান্ত হিসেবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাউজান উপজেলায়, ৩৭ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৮০ জনের। সে অনুসারে শনাক্তের হার ৩৩ দশমিক ০১ শতাংশ।

বৃহস্পতিবারের প্রতিবেদনে চট্টগ্রামে ৯৩০ জন আক্রান্তের তথ্য এসেছিল। এ হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৭ জন।

প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২১ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে এক লাখ ৯ হাজার ৩৯৩। মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪৩।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.