অমিত মুহুরী হত্যা : রিপনের বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী খুনের মামলায় একমাত্র আসামি রিপন নাথের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রোববার (৩০ জানুয়ারি ) সকাল সাড়ে ১১টার দিকে আসামির উপস্থিতিতে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ অভিযোগ গঠন করেন।

রিপন নাথ সীতাকুণ্ড উপজেলার ফেদানগর হেমন্ত সরকার বাড়ির নারায়ন নাথের ছেলে। তিনি পাহাড়তলী থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি ছিলেন। খুনের শিকার অমিত মুহুরী কোতোয়ালী থানার নন্দনকানন গোলাপ সিং লেনের অরুণ মুহুরীর ছেলে। ২০১৭ সালের আগস্টে চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকার রানীর দীঘি এলাকায় বন্ধু ইমরানকে খুন করে মরদেহ ড্রামে ভরে দীঘিতে ফেলে দিয়েছিল অমিত। ঘটনার পর কুমিল্লায় গিয়ে আত্মগোপনে ছিল অমিত। সেখান থেকে অমিতকে গ্রেফতার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অমিত মুহুরী হত্যা মামলায় রিপন নাথকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র গঠন করা হয়েছে। আগামী ১৫ মার্চ সাক্ষ্যের দিন ধার্য রাখা হয়েছে। মামলায় ২৮ জনকে সাক্ষী করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে রাতে কারাগারের ভেতর ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হয় অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায়। এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। ২০১৯ সালের ১১ জুনের ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল রিপন নাথ। রিপন নাথ জবানবন্দিতে দাবি করেছিল, ঘুমানোর আগে অমিত মুহুরী তাকে সিগারেট খেতে বারণ করে এবং পায়ের কাছে ঘুমাতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অমিত মুহুরী তার কাছে জিন আছে বলে ভয় দেখায় রিপন নাথকে। জিনের ভয়ে আগে থেকে অমিত মুহুরীকে খুন করেছে বলে দাবি করেছিল রিপন নাথ। ২০২০ সালের ২৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.