চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে চুলার আগুন থেকে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, আসবাবপত্র, বাড়ির তৈজসপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ৬-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ৩ পরিবারের।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডেলিপাড় এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলো— আমিনুল ইসলাম, মোস্তাক আহমদ ও শিব্বির আহমদ।
বৈলতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুন্না জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির লোকজন বাইরে ছিল। বাড়ির ছেলে-মেয়েরা রান্না করছিলো। হঠাৎ করে রান্না ঘরের চুলা থেকে বাড়িতে আগুন লেগে যায়। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড়ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। যদিও ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম খাঁন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের যাবতীয় সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত রান্না ঘরের চুলা থেকে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য।