সাতকানিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেয়া আগুনে পুড়ল মহিলা মেম্বারের গোয়ালঘর

অনলাইন ডেস্ক:

সাতকানিয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকদের দেয়া আগুনে নবনির্বাচিত মহিলা মেম্বারের গোয়ালঘরসহ খড়ের গাদা পুড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১টার সময় উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মাস্টার টি.আলী পাড়া এলাকায় ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোয়াল ঘরের মালিক ও নবনির্বাচিত মহিলা মেম্বার হাসিনা আক্তার জানান,গত নির্বাচনে হেরে যাওয়া মহিলা মেম্বার প্রার্থী রাজিয়া বেগম তার দেবর মো. সুমন, মো. হানিফ ও আরিফসহ আরো লোকজনকে দিয়ে রাতের আধারে আমার পুরো বাড়ি পুড়িয়ে দেয়ার জন্য টিনশেড বেড়ার তৈরি গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়।আগুনের লেলিহান শিখায় গোয়ালঘরের পাশে থাকা খড়ের গাদা ও বৈদ্যুতিক লাইনের তার পুড়ে যায়। এলাকার শত শত নারী পুরুষ আপ্রান চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এ সুমন গংদের বিরুদ্ধে গত ১০ জানুয়ারি থানায় আমি সাধারণ ডায়েরিও করেছিলাম।

অপরদিকে অভিযুক্ত মো. সুমন এর সাথে যোগাযোগ করা হলে উক্ত অগ্নিকাণ্ডের সাথে বিন্দুমাত্র তার সংশ্লিষ্টতা নেই জানিয়ে বলেন,নবনির্বাচিত মহিলা মেম্বার সম্পর্কে আমার খালা হন। তার আচার ব্যবহার পছন্দ হত না বিধায় আমি তার সাথে কথা বলতাম না। আমি যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এ ধরনের নোংরামি আমার পক্ষে সম্ভব নয়। তিনি এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ।

উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন মহিলা মেম্বারের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.