বোয়ালখালীতে হেফজখানার ছাত্রকে গলা কেটে খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে আল্লামা শাহ অছিয়র রহমান হেফজখানার এক ছাত্রকে গলা কেটে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য হেফজখানার এক শিক্ষককে দায়ী করছেন স্থানীয়রা।

শনিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে হেফজ খানার দ্বিতীয় তলার স্টোর রুম থেকে ওই ছাত্রের মরদেহ পুলিশ উদ্ধার করে। এঘটনায় পুরো মাদ্রাসা ঘিরে রেখেছে উত্তেজিত জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে গেছেন এএসপি, ওসিসহ বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী ইফতেখার মালেকুল মুশফি (৯) চরণদ্বীপের ফকিরাখালীর বকসু মিয়ার বাড়ির আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি বাঁশখালী উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ডিউটি অফিসার এএসআই শাহ আলম বলেন, ‘সকাল ৮টায় শাহ অছিয়র রহমান হেফজখানায় একজন ছাত্রের গলাকাটা লাশের খবর পেয়ে আমাদের সিনিয়র স্যাররা সেখানে গেছেন। এখনও বিস্তারিত পাওয়া যায়নি।’

অন্যদিকে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ রফিক ‍বলেন, ‘রাতে ঘুমন্ত অবস্থায় হেফজখানার এক ছাত্রকে জবাই করে হত্যার খবর পেয়েছি। সকালে এ খবর জানাজানি হলে এলাকার লোকজন মাদ্রাসা ঘেরাও করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগেও ওই হুজুরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল।’

মন্তব্য করুন

Your email address will not be published.