চট্টগ্রামের মিরসরাই থানার মিঠানালা ইউনিয়নে সিএনজি অটোরিকশার ধাক্কায় জয়নাল আবেদীন (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবুল খায়ের (৬০) নামে আরেক বৃদ্ধ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব তালুকদার বলেন, রাজাপুর এলাকার স্কুলের দু্ইশ’ গজ দূরে জয়নাল আবেদীন ও আবুল খায়ের সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে মো. জয়নাল আবেদীনের মৃত্যু হয়। গুরুতর আহত আবুল খায়েরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. জয়নাল আবেদীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে।