ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

 

আরটিভি নিউজ

রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজীব পরিবহনের বাস বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন অনেকে। গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরের পূর্ব গন্দ্রপা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য ছিলেন।

এ ছাড়া রোববার (১ নভেম্বর) সকালে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসের চাপায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিউল ইসলাম নিহত হন। এসব ঘটনার প্রতিবাদে এবং মহাসড়কে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

নটরডেম কলেজের শিক্ষার্থী বলেন, ‘রোববার আমাদের বন্ধু জাকিউল মারা গেছেন। রাজীব পরিবহনের বেপরোয়া গতির কারণেই তার মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধ করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।’

 

এদিকে অবরোধের কারণে যানজটে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বাসে বসেই দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে তাদের। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে দেওয়া উচিত। তাদের মতে, আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, জনদুর্ভোগের বিষয়টি বুঝিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.