আর কোন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নতুন করে কোন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটতে দেয়া হবে না। ঢুকলে পুশব্যাক করে দেয়া হবে। মিয়ানমার বা ভারত থেকে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে   সে জন্য বিজিবিকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার  (২৬ মে) কক্সবাজারে আয়োজিত বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির ১৭তম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের বিজিবিদের বলে দেওয়া হয়েছে রোহিঙ্গারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে। নতুন করে কোন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটলে তাদের পুশব্যাক করা হবে। আমাদের বিজিবিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আমরা দেখেছি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জন্মহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় আমাদের স্বাস্থ্য বিভাগকে বলবো, তারা যাতে সবাইকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে উদ্ধুদ্ধ করে। সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে যেসব রোহিঙ্গা এসেছে, প্রতি বছর তাদের সংখ্যা ৩৫ হাজার করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ ৩৫ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। পাঁচ বছর হয়েছে, এতে দেড় লাখ কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। সেখানেও আমাদের একটি আশঙ্কার জায়গা। সেটা যাতে আমরা ট্যাকেল দিতে পারি, সেজন্য এসব ব্যবস্থার কথা আমরা চিন্তা-ভাবনা করছি।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষার্থে ক্যাম্পের ভেতরে পুলিশ, এপিবিএন, র‌্যাব ও বিজিবি যৌথভাবে সার্বক্ষণিক যে টহল দিচ্ছে, সেটা আরও জোরদার করা হবে। ক্যাম্পের বাইরে সেনাবাহিনী, টহল চলবে। প্রয়োজনে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে। যদি কোনো অভিযান প্রয়োজন হয় সেনাবাহিনীও তাতে অংশ নেবে।

সেখানে টাওয়ারগুলোতে এপিবিএন থাকবে আর রাস্তায় টহল দেবে, কোনো রোহিঙ্গা যাতে ক্যাম্পের বাইরে প্রয়োজন ও অনুমতি ছাড়া যেতে না পারে। এটা আমরা জোরদার করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এবং আশপাশে যাতে মাদক ব্যবসা করতে না পারে এ জন্য আমরা জোরদার ব্যবস্থা করছি। নাফ নদীতে মাদক চোরাচালান রুখে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। রোহিঙ্গা জনগোষ্ঠী মাদক ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। আমরা এ জায়গায় কঠোর হতে যাচ্ছি। কোনোক্রমেই আমাদের সীমানা পেরিয়ে মিয়ানমারের সঙ্গে যাতে মাদক ব্যবসা না করতে পারে, সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি।’

বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, পুলিশের মহা পরিদর্শক ড. বেনজির আহমদ, বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত ও কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ২ দিনের সফরে কক্সবাজার আসেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। রাঙামাটি থকে হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

মন্ত্রী আসাদুজ্জামান খান পরদিন শুক্রবার ২৭ মে সকাল সাড়ে ১০ টায় বিজিবি কক্সবাজার রিজিওন এর বাৎসরিক মাদকদ্রব্য (মালিকবিহীন) ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.