চট্টগ্রামের সাতকানিয়ায় অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত সুস্মিতা সিকদার (১৫) উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফকিরখীল মাতা চাঁদি সিকদার এলাকার সুবল সিকদারের মেয়ে এবং পুরানগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আজ শনিবার (৪ জুন) উপজেলার পুরানগড় ইউনিয়নে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, বাবা মারা যাওয়ার পর অভাব-অনটনে দিন কাটে সুস্মিতার পরিবারের। তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। বেশ কয়েকদিন আগে সুস্মিতা তার মাকে বলেন, তার মাথায় প্রচন্ড ব্যাথা করছে, সে ডাক্তারের কাছে যাবে। কিন্তু তাৎক্ষণিক টাকা না থাকায় যেতে পারেননি। পরে তার মা প্রতিবেশীর কাছ থেকে মেয়ের চিকিৎসার জন্য টাকা ধার করে আনেন। তবে এর মধ্যেই তাদের বাড়ি বসবাসের উপযোগী না হওয়ায় তার কাকা রাসেল সিকদারের বাড়িতে থাকত। ওই বাড়ির ২য় তলায় একটি রুমে ঘুমানোর জন্য গিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নানন বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।