মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সাধনপুর ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ সাদাত হোসেন।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়।
কর্মজীবনে দায়িত্বশীলতা ও দক্ষতার ছাপ রাখা মোহাম্মদ সাদাত হোসেন ইতিপূর্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার হিসেবেও দায়িত্ব সামলেছেন।
চুয়াডাঙ্গায় প্রায় তিন বছরের সফল কর্মজীবন শেষে তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে ১৫ মাস দায়িত্ব পালন করেন। পাশাপাশি কুতুবদিয়ায় তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে দুই মাস ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এসিল্যান্ড এবং এখলাশপুর ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
বেগমগঞ্জে দায়িত্ব পালনকালে একজন জনবান্ধব ও মানবিক কর্মকর্তা হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
সরকারি সম্পত্তি ও স্বার্থ রক্ষায় চৌমুহনীর চৌরাস্তা এলাকায় বড় পরিসরে উচ্ছেদ অভিযান, মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, অবৈধভাবে মাটি কাটা ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসিত হন। বিশেষ করে ভূমি সেবায় তৃণমূলের প্রান্তিক মানুষের আস্থা অর্জন ও সেবার মানোন্নয়নে তাঁর ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
বেগমগঞ্জ থেকে বদলির পর গত মাসে তিনি বান্দরবান জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই এবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ইউএনও হিসেবে নতুন কর্মস্থলে পদায়ন পেলেন।
উল্লেখ্য, মোহাম্মদ সাদাত হোসেনের সহধর্মিণীও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে গত তিন মাস ধরে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন।