বাঁশখালী প্রতিনিধি
আগামীকাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টির মধ্যে ১৩ ইউনিয়নে আগামীকাল ১৫ জুন বুধবার ভোটগ্রহণ। গত ১৩ জুন মধ্যরাত থেকে প্রচার-প্রচারণা শেষ। চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। প্রথমবারের মতো বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। কাল হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ১৩৫ টি ইউপির প্রথম নির্বাচন। এর মধ্যে বাঁশখালীর অধিকাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচন এ কমিশনের জন্য চ্যালেঞ্জের নির্বাচন।
জানা গেছে, বাঁশখালীর ১৩ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ভোটাররা প্রথমবারের মতো ইভিএম ভোট দিতে যাবে। গতকাল সোমবার বাঁশখালীর ১২৭ ভোট কেন্দ্রে একযোগে ‘মক ভোটিং’ প্রশিক্ষণ সম্পন্ন করে নির্বাচন অফিস। ইতিমধ্যে উপজেলা নির্বাচন কার্যালয়ে ইভিএম পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি, ৬০ জন র্যাব ও ১৪ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩টি ইউনিয়নের মোট ২ লাখ ৭৪ হাজার ৯ শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শ ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শ ৮ জন। উপজেলায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন, সংরক্ষিত মহিলা ১৫৪ জন, সাধারণ সদস্য ৫৪৭ জন। ১২৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৮৩৪। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১৬০ জন, সহকারী প্রিসাইডিং ৯৭০ জন, পোলিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১ হাজার ৯১৩ জন।
বাঁশখালী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব টহলের পাশাপাশি একজন ওসির নেতৃত্বে ২৬টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচন করতে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাছাড়া ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারিতে রাখা হবে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।কোন ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করা হলে আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তাই ভোটারদের মাঝে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’