পটিয়ায় লুট হওয়া চিনি লামা  থেকে ১৩৪ বস্তা উদ্ধার 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া থেকে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকা থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, মেঘনা সুগার মিল থেকে খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামের ২৮ টন চিনি নিয়ে যশোর-ট-১১-৪৬৫৭ নম্বরের একটি কাভার্ডভ্যান রওনা হয়। ২০ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে ১৩ টন চিনি খালাস শেষে অবশিষ্ট ১৫ টন চিনি পটিয়ার ফুলকলি কারখানায় সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

​তবে ২১ অক্টোবর ভোররাতে পটিয়ার মনসা বাদামতল এলাকায় কাভার্ডভ্যানের চালক আলমগীরকে (৪৫) অচেতন অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের দাবি, তাঁকে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে অচেতন করা হয়েছিল। এ ঘটনায় ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যানটি ছিনতাই হওয়ার অভিযোগ উঠে, যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

​ঘটনার পরপরই তদন্তে নেমে বান্দরবানের লামার আজিজনগর চাম্বি মফিজ বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়।

​আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম জানান, অভিযানে ছিনতাই হওয়া ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল ও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

​পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, পুলিশি অভিযান চলমান রয়েছে। ছিনতাই ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.