চট্টগ্রাম ব্যুরো: নগরীতে টানা বৃষ্টিতে পাহাড়ধসে দুই বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। বৃষ্টিপাতের মধ্যে শুক্রবার (১৭ জুন) দিবাগত রাতে নগরীর আকবর শাহ থানা এলাকায় পৃথক দু’টি পাহাড়ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহীনুর আক্তার (২৬) ও তার বোন মাইনুর আক্তার (২৪) এবং লিটন (২৩) ও ইমন (১৪) নামে অপর দু’জন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, রাত ১ টার দিকে আকবর শাহ এক নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে তোলা বসতঘরে মাটি ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে চারজনকে মাটিচাপা পাড়া অবস্থা থেকে উদ্ধার করে।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা ফজল হক (৭০) ও মা মোশারা বেগম (৬৫) আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এদিকে রাত তিনটার দিকে নতরীর ফয়’সলেক সংলগ্ন সী ওয়ার্ল্ডের পাশে বিজয়নগর এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে।
ওসি ওয়ালী উদ্দিন জানান, সেখানে বসতঘরের ওপর পাহাড় থেকে মাটির খণ্ড পড়ে দু’জন ঘটনাস্থলে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের টিম গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।