শপথ নিলেন বাঁশখালীর ১৩ ইউপি চেয়ারম্যান

ভোটে জয়ের পর শপথ নিলেন জেলার বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানের পর চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার এলাকায় ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেয়াসহ জন্ম-মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। তৃণমূল জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে।

এ সময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

মন্তব্য করুন

Your email address will not be published.