মহেশখালীতে প্রতিপক্ষের দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের দা’র কোপে মারাত্মক আহত নুরুল আলম নামের এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরুল আলম উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া গ্রামের মৃত গুরা মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা সাইদুজ্জামান বাদশা। তিনি জানান, রোববার (৩১ জুলাই) সকাল ১১ টায় বড় মহেশখালী মালিমারছড়া ঘোনার উত্তর পাশে জমিতে চাষাবাদ করার সময় একই এলাকার আবদুর রশিদ, জয়নাল আবেদীন, মো. আলী, আবু তালেবসহ ১০/১২ জনের একটি দল এলোপাতাড়ি কুপিয়ে নুরুল আলমকে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুনেছি আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.