চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে ৬ হাজার ৬শ লিটার চোরাই জ্বালানি তেলসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট পাকা রাস্তা এলাকা থেকে জাহাজের তেল বিক্রি করার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন— ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়া এলাকার মৃত আব্দুল গনি ছেলে মো. রাজিব হোসেন (২২), লক্ষ্মীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রাম এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির (২৬)।
র্যাব জানায়, কয়েকজন চোরাকারবারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকার পাকা রাস্তার উপর জাহাজের চোরাই জ্বালানি তেল ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১:২৫টার দিকে অভিযান চালানো হয়। এসময় চোরাই জ্বালানি তেল বহনকারী ২টি ট্রাকসহ মো. রাজিব হোসেন ও মো. কবিরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে ২টি ট্রাক থেকে ৩৩টি তেলের ড্রামে সংরক্ষিত ৬,৬০০ লিটার চোরাইকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, তেল বহনকারী ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আটকরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই জ্বালানি তেল ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।