ফুটবল খেলা নিয়ে এমইএস কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

ফুটবল খেলাকে কেন্দ্র করে এমইএস কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আব্দুল হামিদ রাফি (১৯) নামে ছাত্রলীগের এককর্মী আহত হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলশী থানা পুলিশ। মারামারিতে আহত ছাত্রলীগকর্মী রাফি এমইএস কলেজের প্রমি গ্রুপের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুটবল খেলা নিয়ে প্রমি গ্রুপ ও শাহেদ গ্রুপের মধ্যে ঝামেলা হয়। এতে প্রমি গ্রুপের এক জুনিয়র কর্মী বাজি ফুটিয়ে ঘটনা আরও উসকে দিলে এ নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়ায়। এতে আহত হয় আব্দুল হামিদ রাফি। পরে তাকে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খুলশী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাহেদ খান বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে আমরা যাওয়ার আগেই দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেছেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মূলত ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এতে একজন আহত হওয়ার খবরও পেয়েছি।

মারামারিতে আহত ছাত্রলীগকর্মীর বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহত ছাত্রলীগ কর্মীকে চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৭ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। তিনি সাধারণ আহত ও অবস্থা আশঙ্কা মুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.