পাকিস্তান-আফগান ম্যাচে গ্যালারিতে মারামারি, ৩৯১ সমর্থক গ্রেপ্তার

গত ৭ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোর পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। ম্যাচটিতে আফগানরা আগে ব্যাট করতে নেমে পাক বোলিং তোপে পড়ে মাত্র ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের একই অবস্থা সৃষ্টি হয়। পেণ্ডুলামের মতো দুলতে থাকা ওই ম্যাচে সৃষ্টি হয় টান টান উত্তেজনা।

এর মধ্যে ম্যাচের ১৯তম ওভারে পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলীকে আউট করার পর আফগান বোলার ফরিদ আহমেদ কিছু একটা বলায় আসিফ ঘুরে দাঁড়িয়ে ব্যাট তুলে তাকে মারার ভঙ্গি করেন। পরে দুপক্ষের খেলোয়াড়রা এসে তা মিটমাট করেন। কিন্তু শেষ ওভারে নাসিম শাহ’র নাটকীয় দুই ছক্কায় পাকিস্তান ১ উইকেটে জয় পায়।

ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে সব লেটা চুকে যেত। কিন্তু ম্যাচ শেষে মাঠের উত্তেজনায় ছড়ায় গ্যালারিতে। শুরু হয় দুই দলের সমর্থকদের মারামারি। ভিডিও ফুটেজে দেখা যায়, আফগান সমর্থকরা গ্যালারির চেয়ার খুলে পাকিস্তান সমর্থকদের দিকে ছুড়ে মারছে। পরে এঘটনায় জড়িত ৩৯১ জনকে গ্রেপ্তার করে আমিরাতে পুলিশ ।

এদের মধ্যে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করায় ৯৭ জন এবং পাকিস্তানি সমর্থকদের ওপর আক্রমণ চালানোয় ১১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এক প্রতিবেদনে আরব আমিরাতের সংবাদ মাধ্যম ‘নিউজওয়্যার’ জানিয়েছে, সংঘাতে অংশ নেয়াদেরকে বড় অংকের জরিমানা, ভিসা বাতিল ও আজীবনের জন্য আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

এদিকে মাঠের ঘটনায় জড়িত পাকিস্তান ও আফগানিস্তানের দু ক্রিকেটারকে শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

মন্তব্য করুন

Your email address will not be published.