কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওতে বিয়ের অনুষ্ঠানে বজ্রপাতের আঘাতে নারী ও শিশু সহ সাত জন আহত হয়েছে। ছয় জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, ভিলেজার পাড়া গ্রামের জনৈক খোরশেদ আলমের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। দুপুরে বরযাত্রী আসলে কনেপক্ষের লোকজন খাবারের ব্যবস্থা করে। ওই সময় বজ্রপাতের শব্দে নারী ও শিশুসহ সাতজন অজ্ঞান হয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের বিকট শব্দে বরযাত্রীর লোকজন অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।