জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গিয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদা চৌধুরীর ছেলে সাহাব আকবর চৌধুরী বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টা ৪০ মিনিটে তার মায়ের মৃত্যু হয়েছে।
বর্ষীয়ান এ রাজনীতিকের ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ জানান, সোমবার সকালে পরিবারের সবাই মিলে আলোচনা করে তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে উচ্চরক্তচাপসহ বার্ধক্য জনিত নানা সমস্যা নিয়ে আগস্টের শেষের দিকে হাসপাতালটিতে ভর্তি হন তিনি। এর মধ্যে বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হয়। গত সপ্তাহে কিছুটা ভালোর দিকে ছিল তার অবস্থা।
সাজেদা চৌধুরী ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৬৯-১৯৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।
১৯৮৬-১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯২ সাল থেকে দলটির সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে জয়ী হন সাজেদা চৌধুরী।
