চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৬ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ মো. কামরুল হাসান রিফাত (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. কামরুল হাসান রিফাত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বিবিরখিল এলাকার আমির হামজার ছেলে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এক যুবককে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৬ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।