কয়েকঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে’ দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় সীমান্তে পাওয়া গেছে। অপরজনের লাশ বিএসএফ নিয়ে গেছে।
রবিবার ভোর ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের খইতলা এলাকায় হাসানুজ্জামানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, তাকে বিএসএফ সদস্যরা গুলি করে ফেলে রেখে গেছে।
অন্যদিকে রবিবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ছোটবলদিয়ায় মোনতাজ আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিএসএফের সদস্যরা মরদেহ নিয়ে চলে যান।
নিহত দুই যুবক হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের মক্তব মোড়ের হায়দার আলীর ছেলে হাসানুজ্জামান (২৫) এবং মোনতাজ আলী (৪০) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
নিহতের বাবা হায়দার আলী জানান, শনিবার রাত ১০টার দিকে হাসানুজ্জামান তার কাছে কিছু টাকা চান। ‘টাকা নেই’, বললে হাসানুজ্জামান পাশের বাজারে চায়ের দোকানে যাচ্ছে জানিয়ে চলে যায়। তবে গভীর রাতেও সে আর বাসায় ফেরেনি। ভোর ৫টার দিকে স্থানীয় একজন মোবাইলে কল করে জানান, তার ছেলেকে খৈতলা সীমান্তের শূন্যরেখায় ভারতের দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করে ফেলে রেখে গেছে।
এদিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম জানান, শনিবার (৮ অক্টোবর) রাতে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য ভারত সীমান্তে যান মুনতাজ হোসেন। রবিবার সকালে ভারত সীমান্তের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাংলাদেশিরা। বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। মরদেহ বিএসএফ নিয়ে গেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা সাপেক্ষে মরদেহ নিয়ে আসা হবে।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ মোনতাজ আলী (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে দর্শনা সীমান্তের ছোটবলদিয়ায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় পারকৃষ্টপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান, শনিবার দিবাগত রাতে মোনতাজসহ ৫-৬ জন বাংলাদেশি মহিষ আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। রাত দেড়টার দিকে তারা মহিষ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। সে সময় সীমান্তের ৮৩নং মেইন পিলারের কাছে ভারতের মোকামতলা বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মোনতাজ ঘটনাস্থলেই নিহত হন। অন্যরা পালিয়ে আসেন। রবিবার সকাল ১০টায় নিহতের লাশ বিএসএফ সদস্যরা উদ্ধার করে নিয়ে গেছেন।