চট্টগ্রামসহ রংপুর ও সিলেট এ তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম-সিলেট-কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বেশির ভাগ স্থানে ছিল ভারি বৃষ্টি। তবে ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগ বৃষ্টিহীন।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল, রাজশাহী এবং খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আব্দুর রহমান বলেন, পরবর্তী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।