লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় গাছের সঙ্গে পিকনিকের বাস ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। আজ ১১ নভেম্বর (শুক্রবার) ভোররাত সাড়ে ৩ টার দিকে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাজির রাস্তা মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।
পুলিশ জানায়, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের বাসটি আধুনগর হাজির রাস্তা মাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাস উল্টে দুজন যাত্রী বাসের নিচে চাপা পড়েন। আহতদের লোহাগাড়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানা সুত্রে জানাযায়- পিকনিকের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। দ্রুতগতির কারণে এটি উল্টে যায়। মরদেহ দুটি ও বাস হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।