ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি আজ রাতে অনুষ্ঠিত হবে। কাতারের দোহায় আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই পরা শক্তি স্পেন ও জার্মানি। এর মধ্যে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে পরাজিত হয়ে পুরো চেহারাই পাল্টে গেছে জার্মানি শিবিরের। বিশ্বকাপে টিকে থাকতে হলে স্পেনের বিপক্ষে জয় অন্য কোনো পথ খোলা নেই তাদের। অন্যদিকে স্পেন তাদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে। তবে দলের খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাসী না হয়ে সতর্ক থাকতে বললেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে।
রবিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
কাতার বিশ্বকাপে জার্মানি প্রথম ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর এই ম্যাচটি ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে। যেখানে বিশ্বকাপে টিকে থাকতে হলে স্পেনকে হারাতেই হবে জার্মানদের। আর নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে এই মুহূর্তে উড়ছে স্পেন। তবে জার্মানি ম্যাচের আগে দলকে সতর্ক করে দিলেন স্পেন কোচ লুইস এনরিকে। তার মতে, অতি আত্মবিশ্বাস ডেকে আনতে পারে বড় পরাজয়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘আমরা সহজেই কোস্টারিকার সঙ্গে জিততে সক্ষম হয়েছি। এটা ছিল দারুণ, যেটা আত্মবিশ্বাস দিয়েছে। তবে আমাদের অতি আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। আমরা এমন একটি প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, যারা আমাদের বিধ্বস্ত করে দেবে যদি আমরা অতি আত্মবিশ্বাসী হই।’
তিনি আরও বলেন, ‘দারুণ একটি লড়াই হবে। তারা চারবার বিশ্বকাপ জিতেছে। আমরা তাদের অনেক সম্মান করি, তাদের দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে। আর তাদের ইতিহাস অনস্বীকার্য। জার্মানি খুব ভালো দল, গতিময় ফুটবল খেলে। আমরা যদি এটি নিয়ন্ত্রণ করতে পারি তবে দুর্দান্ত। অন্যথায়, আমাকে প্রতিটি দিকে নিয়ে ভাবতে করতে হবে।’
এখন পর্যন্ত বিশ্বকাপেও চারবার দেখা হয়েছে জার্মানি ও স্পেনের। যেখানে দুই ম্যাচ জিতেছে জার্মানরা, একটিতে জয় স্প্যানিশদের। আর সব মিলিয়ে দুই দলের ২৫বার মুখোমুখিতে জার্মানির জয় ৯টিতে এবং স্পেনের জয় ৮টিতে।