প্রায় ১৭ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে মোসলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মফিজুর রহমান।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামের সামনের মাঠে আয়োজিত সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকাল ১০টায় নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামের সামনের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
সর্বশেষ ২০০৫ সালের ২৩ জুলাই হয়েছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। ওই সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি ও মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর কেন্দ্র থেকে মোসলেম উদ্দিন আহমদকে সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।