মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মো. আমজাদ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আমজাদ হোসেন উপজেলার মিঠানালা ইউনিয়নের পুর্ব মলিয়াইশ এলাকার রহমানিয়া গ্রামের হাফিজুর রহমান মিস্ত্রী বাড়ির মো. ফারুকের পুত্র। তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর (বুধবার) দুপুরে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অনবতি হলে তাকে চট্টগ্রাম নগরস্থ এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় প্রতিবেশী হাসান মোহাম্মদ সাইফ উদ্দিন জানান, আমজাদ হোসেন ইলেক্ট্রিক মিস্ত্রীর কাজ করতেন। গত ১৪ ডিসেম্বর মিরসরাই সদর থেকে ব্যক্তিগত কাজ শেষে নিজের মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা পড়ে গুরুতর হন। শনিবার তার পায়ের অপারেশন হয়। এসময় অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই রাত ১টার দিকে তার মৃত্যু হয়। রবিবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।