ইসলামী ব্যাংক হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডে ইসলামী ব্যাংক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান না থাকায় হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় ফায়ার লাইসেন্সের মেয়াদ না থাকায় ‘টেক সোডাইস কর্পোরেশন’ নামে আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ করে অপমৃত্যু এড়ানোর জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফায়ার সেফটি প্ল্যান না ছাড়া ইসলামী ব্যাংক হাসপাতালের কার্যক্রম চালানোর অপরাধে ২ লাখ টাকা এবং ফায়ার লাইসেন্সের মেয়াদ না থাকায় ‘টেক সোডাইস কর্পোরেশন’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে জহুর হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও জামশেদ আলাম রানা। অভিযানে সিনেমা প্যালেস প্রান্ত থেকে শুরু করে নিউমার্কেট প্রান্ত পর্যন্ত প্রায় ১২০০টি দোকান ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানান তারা। একইসঙ্গে এসকল দোকানে ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকা ও পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্র না থাকায় মার্কেট কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রত্যেক দোকানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্র স্থাপন করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া জহুর হকার্স মার্কেটের ফায়ার এসেম্বলি এরিয়াতে পার্কিং এরিয়া তৈরি করে পুরো মার্কেটকে ঝুঁকিপূর্ণ করার দায়ে জহুর হকার্স মার্কেট কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.